শিরোনাম

একলাফে স্বর্ণের দাম বাড়লো ৯৮৫৬ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
একলাফে স্বর্ণের দাম বাড়লো ৯৮৫৬ টাকা
স্বর্ণ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা এবং ২১ ক্যারেট ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, ঘোষিত এ বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন বা নকশা অনুযায়ী যথারীতি মজুরি প্রযোজ্য হবে। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর রাখার নির্দেশ দিয়েছে সংগঠনটি।

এর আগে, সবশেষ গত ৩১ জুলাই সকালে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৮ দফা দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৪৯ দফা। এছাড়া এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের দামের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা এবং ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬১ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ দফা দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৩০ দফা।

/জেএইচ/