শিরোনাম

মাদক সেবনে বাধা দেওয়ায় আটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
মাদক সেবনে বাধা দেওয়ায় আটোরিকশা চালককে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

রাজধানীর শান্তিবাগ এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় সেকান্দার আলী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ মার্চ) রাত ১১টার দিকে শান্তিবাগ ভাঙারী গলিতে এ ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলায় অভিযুক্তরা হলেন– শান্তিবাগ ভাঙারী গলির মামুন ওরফে বুলেট মামুন, আকিশোন ও মামুনের শালা হান্নান। এছাড়া আরও কয়েকজন তাদের সঙ্গে এই হামলায় অংশ নেয়।

নিহত সেকান্দারের ভাই আমির আলী জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার গাজীপুর গ্রামে। বাবার নাম আব্দুর রউফ। সেকান্দার তার স্ত্রী মাহফুজা ও তিন সন্তান নিয়ে রামপুরা ওলনবাজার এলাকায় থাকতেন। তিনি অটোরিকশা চালাতেন। শাহজাহানপুর ভাঙারী গলিতে তার দুইটি আটোরিকশা রয়েছে।

হামলার বিষয়ে আমির আলী আরও জানান, ঘাতকরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগে কয়েকবার সেকেন্দার তাদের মাদক সেবন এবং বিক্রিতে বাধা দিয়েছে। তাই গতকাল মামুনসহ কয়েকজন তাকে মারার জন্য খুঁজতে থাকে। রাতে একা পেয়ে তার ওপর হামলা করে। তারা সেকান্দারের মাথায়, গালে ও হাতে কুপিয়ে জখম করে। খবর পেয়ে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাটি শাহজাহানপুর থানা পুলিশ তদন্ত করছে।

/এফসি/