শিরোনাম

জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, কারাগারে জাবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, কারাগারে জাবি শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র শারাফাত শারিক রোহান আটক করেছে পুলিশ

জুলাই আন্দোলনকারীদের ‘জঙ্গি’ আখ্যা এবং আন্দোলনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে করা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র শারাফাত শারিক রোহানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন বিভাগের এসআই বিশ্বজিৎ দেবনাথ বলেন, আসামিপক্ষ থেকে জামিন চেয়ে আবেদন করা হয়। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রোহানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মানষ ভদ্র সাইবার সুরক্ষা আইনে করা মামলায় বৃহস্পতিবার রোহানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণের স্বপক্ষে তথ্যাদি পাওয়া যাচ্ছে। আসামি উস্কানিমূলক পোস্ট করে দেশে অস্থিরতা সৃষ্টিসহ সাধারণ জনগণকে আতঙ্কিত করার পাঁয়তারা করে। তাৎক্ষনিক তার নাম-ঠিকানা যাচাই করা সম্ভব হয়নি। তিনি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভবনা রয়েছে। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।

এর আগে, বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল থেকে রোহানকে আটক করে জাকসু, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তির নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জাবির ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহাম্মদ আবু সৈয়দ আশুলিয়া থানায় সাইবার সুরক্ষা আইনে রোহানের বিরুদ্ধে মামলা করেন।

মামলার বিবরণে বলা হয়, রোহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি গত ৫ আগস্ট ভোর ৪টার দিকে নিজের ব্যক্তিগত ফেইসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে শের-এ-বাংলা এ কে ফজলুল হক হলের সাধারণ শিক্ষার্থীররা ক্ষিপ্ত হন। পরে হল ছাত্র সংসদের নেতারা তাকে আটক করে রাখেন। সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।

/এসবি/