শিরোনাম

আজ সিরাজগঞ্জ যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
আজ সিরাজগঞ্জ যাচ্ছেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সিটিজেন জার্নাল

প্রায় ২০ বছর পর নির্বাচনী প্রচারণায় আজ সিরাজগঞ্জ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় অবস্থিত বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এসময় তিনি সিরাজগঞ্জ ও পাবনা জেলার সকল সংসদীয় আসনের দলের প্রার্থীদেরও মঞ্চে পরিচয় করিয়ে দেবেন।

এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন।

সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।’

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় উপস্থিত হয়েছিলেন।

/জেএইচ/