শিরোনাম

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জ সংবাদদাতা
ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত
হাসপাতালে নিহত ইলিয়াস খান।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গ্রামের মাঠে ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস খান ওই এলাকার আবদুস সাত্তার খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ইলিয়াসের সঙ্গে একই গ্রামের রাসেল আহমেদের কথা-কাটাকাটি হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগও নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, ওই ঘটনার জের ধরে রাত সাড়ে দশটার দিকে রাসেল ও তার ছেলে সিয়াম ইলিয়াসকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মো. আহসানুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভোরে সিরাজগঞ্জ শহর থেকে রাসেলকে আটক করা হয়েছে। তার ছেলে সিয়াম ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

/এফআর/