শিরোনাম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত
চসিক কার্যালয়ে আয়োজিত সভায় (ডান পাশে) প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রধান করে এ কমিটি গঠন করা হবে। কমিটি চট্টগ্রামে খাল, নালা, পানি ও জলাবদ্ধতা উন্নয়নসহ নানা বিষয় নিয়ে কাজ করবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চসিক কার্যালয়ে আয়োজিত এক সভায় এসব কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে ১৯ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস আদেশে হওয়া ঘোষণা আমার কাছে পাঠানো হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আগামী ৫ দিনের মধ্যে সব খালের বাঁধ খুলে দেওয়া হবে। আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমে আসবে।’

সম্প্রতি টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর মধ্যে গত ২৮ এপ্রিল মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর একাধিক অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মহলে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। যা গড়ায় সংসদ পর্যন্ত। পরে গতকাল বুধবার চট্টগ্রাম নগরী পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

/এফআর/