শিরোনাম

সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু
আবু সাইদের বাগান থেকে আম সংগ্রহ করা হচ্ছে। ছবি: সংবাদদাতা

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গুণগত মান বজায় রেখে বাজারজাত নিশ্চিত করতে যৌথভাবে এ কার্যক্রম তদারকি করছে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ মে) সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আমচাষি আবু সাইদের বাগানে আম সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিষ্ণুপদ পাল।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিরা, স্থানীয় জনপ্রতিনিধি ও আমচাষিরা।

উদ্বোধনের পরপরই বাগান জুড়ে শুরু হয় আম পাড়ার ব্যস্ততা। আমচাষি আবু সাইদ বলেন, দীর্ঘদিন ধরে এই সময়টার জন্য অপেক্ষা করি। এবার গাছে ফলন ভালো হয়েছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে, তাহলে আমরা লাভবান হবো।

কৃষি বিভাগ জানায়, নির্ধারিত সময়ে আম পাড়ায় স্বাভাবিক পরিপক্বতা বজায় থাকবে, যা বাজারে সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে সহায়ক হবে। একই সঙ্গে অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত আম বাজারজাত ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠপর্যায়ে কঠোর নজরদারি চালাচ্ছে।

/এসআর/