শিরোনাম

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নাগরিক আহত

সাতক্ষীরা সংবাদদাতা
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নাগরিক আহত
কালিন্দী নদী।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বুধবার (৩ জুন) ভোরে কালিন্দী নদী দিয়ে বাংলাদেশে ফেরার সময় তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।

আহত ব্যক্তিরা হলেন– কালীগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিন ও একই এলাকার মো. শাহীন।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ডালিয়া আক্তার সাথী মুঠোফোনে জানান, বিএসএফের গুলিতে আহত হয়ে দুজন ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন চিকিৎসা নেওয়ার জন্য, তাদের মধ্যে একজনের পিঠে গুলি লাগে অন্যজনের হাতে গুলি লাগে। চিকিৎসা দেওয়ার পর বিষয়টি কালীগঞ্জ উপজেলার অফিসার ইনচার্জকে জানাই। তিনি সরেজমিনে এসে তাদের দেখে সাতক্ষীরা মেডিকেল কলেজে রেফার করতে বলেন। আমরা পরবর্তীতে তাদের মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য রেফার করি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে ওই দুজন অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতের বিভিন্ন এলাকায় অবস্থানের পর সর্বশেষ তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। দীর্ঘদিন পর দেশে ফেরার উদ্দেশ্যে বুধবার গভীর রাতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন তারা।

/এসআর/