শিরোনাম

সড়কে খানাখন্দ: মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

রংপুর সংবাদদাতা
সড়কে খানাখন্দ: মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
মানববন্ধন। ছবি: সংগৃহীত

রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরপুর। কয়েক বছর আগেই এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। এই অবস্থায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে নগরীর জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এসময় জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সড়কটি পুনর্নির্মাণের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা মোড় সড়কটি চলাচলের অনুপযোগী। সামান্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে শত শত মানুষ চলাচল করছে। সড়কটি পুনর্নির্মাণের বিষয়ে রংপুর সিটি করপোরেশন উদাসীন।

মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ বলেন, দুই বছর ধরে সড়কটি পুনর্নির্মাণে বারবার আশ্বাস দেওয়া হয়েছে। মাঝে মধ্যে অর্থ বরাদ্দের কথা শোনা গেলেও কোনো অদৃশ্য কারণে নির্মাণ কাজ শুরু হচ্ছে না। সড়কটি পুনর্নির্মাণ না করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ চরম দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে।

রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিব হাসান বলেন, সড়কটির সংস্কার কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী মাসে কাজ শুরু করা সম্ভব হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহে আলম রিপন, ব্যবসায়ী আশরাফুজ্জামান রাজু, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক পার্থ বোস, মাহফুজার রহমান, মেহেদী হাসান তরুণ, আমিন মোস্তাজীর, সেলিম চৌধুরী, আবেদ হোসেন প্রমুখ।

/এসআর/