শিরোনাম

মাদক ব্যবসায় বাধা, যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

রংপুর সংবাদদাতা
মাদক ব্যবসায় বাধা, যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় রংপুর মহানগরীতে রাকিব হাসান (১৭)নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে মাছুয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসা বন্ধ করতে বলায় বৈরাগিপাড়া এলাকার মমিনের সঙ্গে রাকিবের সঙ্গে বিরোধ তৈরি হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মমিনের নেতৃত্বে তার সহযোগীরা রাকিবকে বাসা থেকে ডেকে মাছুয়াপাড়া বাজারে নিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে চলে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। একইসঙ্গে ঘটনাস্থলে এসে হত্যার আলামত সংগ্রহ করে সিআইডি পুলিশের ক্রাইম সিন ইউনিট।

রাকিবের বাবা আব্দুস সামাদ বলেন, মমিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আমার ছেলে তাকে মাদক ব্যবসা না করার জন্য বললে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জেরে রাকিবকে বাসা থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। আমী মমিন ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার ছেলে হত্যার বিচার চাই।

রংপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন বলেন, রাকিব জুলাই যোদ্ধা এবং যুবদল নেতা। মাদক ব্যবসায়ী মমিন ও তার ক্যাডাররা নৃশংসভাবে রাকিবকে হত্যা করেছে। পুলিশ ও প্রশাসনকে বলবো, দ্রুত সময়ের মধ্যে মমিন ও তার সহযোগীদের গ্রেপ্তার করুন। আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, মমিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় রাকিবকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

/এসবি/