শিরোনাম

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল

রাজশাহী সংবাদদাতা
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল
রাজশাহী-নওগাঁ মহাসড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে রাজশাহীর পবায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ভোর ৬টার দিকে পবার নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মিছিল করা হয়।

মিছিলের ব্যানারে লেখা ছিল, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে’। মিছিল থেকে নানা ধরনের স্লোগান দেওয়া হয়। মিছিলের ভিডিওতে প্রায় ২০ জন নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুঠিয়াপাড়া এলাকায় মিছিলটি বের করা হয়। কয়েক মিনিট পরই মিছিল শেষ করে নেতাকর্মীরা চলে যান। নেতাকর্মীদের প্রায় সবার মুখে মাস্ক ছিল।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, মিছিলের বিষয়টি তিনি জানেন না। কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় মিছিল বের করলে মামলা হবে। তারা এ ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করবেন।

/এসআর/