শিরোনাম

মাটির নিচ থেকে ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

নাটোর সংবাদদাতা
মাটির নিচ থেকে ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
মাটির নিচে পানির ট্যাংকে মজুত করা হয় জ্বালানি তেল। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৭ মার্চ) সিংড়া থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে তেল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, পানির ট্যাংকের ভেতরে সংরক্ষণ করে রাখা হয়েছে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল। বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে তেল মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে একটি পানির ট্যাংকের ভেতর মাটির নিচে সংরক্ষণ করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। অবৈধভাবে তেল মজুত করার অভিযোগে স্থানীয় ব্যবসায়ী মো. রুবেলকে (৩৪) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে সংকট সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

/টিই/