শিরোনাম

অভিযোগ দিলেও ব্যবস্থা নেয় না নির্বাচন কমিশন: আসিফ মাহমুদ

নাটোর সংবাদদাতা
অভিযোগ দিলেও ব্যবস্থা নেয় না নির্বাচন কমিশন: আসিফ মাহমুদ
সিংড়ায় নির্বাচনী পদযাত্রায় বক্তব্য রাখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দিলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ বিএনপি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক প্রার্থীকে শোকজ করার পরদিনই সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর-৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন পঞ্চগড়ের একজন প্রিজাইডিং কর্মকর্তা ধানের শীষের ভোট চাচ্ছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বে সরকারি কর্মকর্তারাও এখন প্রকাশ্যে ধানের শীষের ভোট চাচ্ছেন, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

আসিফ মাহমুদ আরও বলেন, প্রশাসনকে ব্যবহার করে যদি কেউ পাতানো নির্বাচনে ক্ষমতায় আসতে চান, তবে মনে করবেন না শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। গত তিনটি পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে তা আর সম্ভব নয়। প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে।

এসময় উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদির, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হাফিজুর রহমান ময়না, যুগ্ম আহ্বায়ক তাহাশ নূরসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

/এসআর/