শিরোনাম

সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

নরসিংদী প্রতিনিধি
সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল
পলাশ বাসস্ট্যান্ড থেকে খানেপুর বাজার হয়ে বিআইডিসি মোড় প্রদক্ষিণ করে মিছিলটি। ছবি: সিটিজেন জার্নাল

নরসিংদী-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী সারোয়ার তুষারকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতা মাওলানা আমজাদ হোসেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সারোয়ার তুষারের শাপলা কলি মার্কার পক্ষে নির্বাচনী মিছিলে অংশ নেন জামায়াতের এই নেতা। এছাড়া ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি পলাশ বাসস্ট্যান্ড থেকে খানেপুর বাজার হয়ে বিআইডিসি মোড় প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী আসন সমঝোতার ভিত্তিতে নরসিংদী-২ আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে জামায়াতের প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। আজ সারোয়ার তুষারকে সমর্থন জানান আমজাদ হোসেন।

এর আগে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থীর জন্য দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না রাখার জন্য আবেদন জানায় দলটি। গত ২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বরাবর পাঠানো চিঠিতে এ আবেদন জানানো হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নরসিংদী-২ আসনে নিজস্ব প্রার্থী মনোনয়ন দিয়েছিল। তবে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার ভিত্তিতে ওই আসনটি এনসিপি প্রার্থী সারোয়ার তুষারকে ছেড়ে দেওয়া হয়।

/এসআর/