শিরোনাম

নারায়ণগঞ্জে ৩ আসনে ৭০ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জে ৩ আসনে ৭০ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শন করছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটা‌র্নিং কর্মকর্তা মো. রায়হান কবীর। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) ২১০টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। যা মোট ভোটকেন্দ্রের প্রায় ৭০ শতাংশ। নির্বাচনকালীন এসব কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলায় মোট ১৪৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৯টি এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় ৬৭টির মধ্যে ৩৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। বাকি ৬৩টি ভোটকেন্দ্রকে সাধারণ বা ঝুঁকিমুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভোটকেন্দ্রগুলোর ঝুঁকি নির্ধারণে ভোটার সংখ্যা, থানা থেকে কেন্দ্রের দূরত্ব, রাজনৈতিক আধিপত্য, দুর্গম এলাকা ও চরাঞ্চলের অবস্থানসহ একাধিক বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। এসব মানদণ্ডের ভিত্তিতে কেন্দ্রগুলোকে লাল (অতি ঝুঁকিপূর্ণ), হলুদ (ঝুঁকিপূর্ণ) ও সবুজ (সাধারণ) এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে তিনজন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দুজন এবং সাধারণ কেন্দ্রে একজন করে পুলিশ সদস্য মোতায়েনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে অস্ত্র ও বডি-ওর্ন ক্যামেরা থাকবে।

এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো. ইমরান আহম্মেদ বলেন, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে সরকারের নির্দেশনা অনুযায়ী পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের ১৪৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও জানান, চরাঞ্চল নুনেরটেকের দুটি এবং চরকিশোরগঞ্জ-চরহোগলার তিনটি ভোটকেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে স্ট্রাইকিং ফোর্স ও একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

রিটার্নিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে অস্ত্র ও বডি-ওর্ন ক্যামেরা থাকবে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, সেনাবাহিনী ও বিজিবিসহ বিভিন্ন বাহিনী নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

/জেএইচ/