শিরোনাম

নারায়ণগঞ্জে ডাক্তার দেখার সিরিয়াল বেচাকেনা, আটক ৪

নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জে ডাক্তার দেখার সিরিয়াল বেচাকেনা, আটক ৪
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে হাসপাতাল এলাকায় দালালবিরোধী অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে র‌্যাব-১১ ও জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন– মোজাম্মেল হক বাদল, আম্বিয়া, রাসেল ও আবদুল মান্নান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র হাসপাতাল এলাকায় সক্রিয় ছিল। তারা রোগীদের কাছ থেকে টাকার বিনিময়ে ডাক্তার দেখানোর সিরিয়াল এগিয়ে দেওয়া বা পরিবর্তন করে দিতেন। এছাড়া উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে আর্থিকভাবে লাভবান হতেন।

র‌্যাব-১১– এর সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান বলেন, অভিযান চালিয়ে দালাল চক্রের সদস্যদের আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, দালালদের কারণে সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়ছেন এবং প্রতারণার শিকার হচ্ছেন। এ ধরনের কার্যক্রম বন্ধে অভিযান নিয়মিত চালানো হবে।

/এসআর/