শিরোনাম

ঘুষ দাবি: মরদেহ নিয়ে থানা ঘেরাও, এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জ সংবাদদাতা
ঘুষ দাবি: মরদেহ নিয়ে থানা ঘেরাও, এসআই প্রত্যাহার
নারায়ণগঞ্জের বন্দর থানা ঘেরাও।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের মরদেহ নিয়ে বন্দর থানা ঘেরাও করে তার স্বজনরা। এ সময় ছুরিকাঘাতের ঘটনায় মামলা না নেওয়া ও ঘুষ দাবির অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার (৭ জুন) রাতে বন্দর মডেল থানায় এসব ঘটনা ঘটে।

নিহত যুবক মো. জোবায়ের হোসেন (১৮) পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। বর্তমানে তিনি বন্দর উপজেলার এনায়েতনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। জোবায়ের পেশায় একজন অটোরিকশাচালক।

স্বজন ও স্থানীয়রা জানান, গত ৩ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে এনায়েতনগরের ভাঙা ব্রিজের উত্তর পাশে নিহত জোবায়ের হোসেনের পথরোধ করে তিন ছিনতাইকারী। তারা ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেয় জোবায়ের। এসময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জোবায়ের হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে অবস্থার অবনতি হলে জোবায়ের হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর সাড়ে ৫টার দিকে জোবায়ের হোসেনের মৃত্যু হয়।

সন্ধ্যায় জোবায়ের হোসেনের মরদেহ বন্দর এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ হয়ে বন্দর থানা ঘেরাও করে তার স্বজন ও এলাকাবাসী।

স্বজনদের অভিযোগ, নিহত জোবায়েরকে ছুরিকাঘাত করার ঘটনায় তার বাবা বন্দর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেননি। তবে লিখিত অভিযোগ গ্রহণ করেছেন। এ ছাড়া মামলা দায়েরের জন্য অভিযুক্ত এসআই মাসুদ ১০ হাজার টাকা দাবি করেছেন।

শুধু তাই নয়, জোবায়ের হোসেনের এক বন্ধুর কাছে বন্দর থানার এসআই মাসুদ ১০ হাজার টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় সে সময় মামলা নেওয়া হয়নি। এমনকি অভিযুক্তদের আটকও করেনি।

এসব বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, আন্দোলনকারীদের বুঝিয়ে শুনিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। অভিযুক্ত এসআই মাসুদকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ তা তদন্ত হবে।

তিনি আরও বলেন, এই ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। আর আর ছুরিকাঘাতে নিহতের ঘটনায় মামলা নেওয়া হবে।

/এফআর/