মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ সংবাদদাতা
মানিকগঞ্জ সংবাদদাতা
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
আদালত প্রাঙ্গণে দণ্ডপ্রাপ্ত আসামিরা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আলোচিত ট্রিপল মার্ডার মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার আরও সাত আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন– সিংগাইর উপজেলার গোবিন্ধল গ্রামের জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা আট আসামি হলেন– একই এলাকার জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামসুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মনন ও স্বপন।

এ ছাড়াও, মামলায় আসামি শামীম ও হাবু মিয়াকে পাঁচ বছর করে, মজনু মিয়াকে এক বছর, রাজিয়া খাতুন ও সুফিয়া খাতুনকে ছয় মাস করে এবং সাহেরা ও খাতুনীকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার।

আদালত সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার গোবিন্ধল উত্তরপাড়া গ্রামের রহিম মোল্লার ছেলে আজিজ মোল্লার সঙ্গে তার চাচাতো ভাই করিম মোল্লা ও টেটুল মোল্লার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে আসামিরা আজিজ মোল্লাসহ তিনজনকে বাড়িতে ডেকে নেন। পরে তাদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ঘটনার দিনই ২৪ জনকে আসামি করে সিংগাইর থানায় হত্যা মামলা করেন। মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ (বৃহস্পতিবার) রায় ঘোষণা করেন আদালত।

এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত আজিজ মোল্লার ছেলে এমরান মোল্লা। তবে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি।

/এফআর/