শিরোনাম

অভিনেত্রী ববির বাসায় চুরির ঘটনায় গ্রেপ্তার ২

বিনোদন ডেস্ক
অভিনেত্রী ববির বাসায় চুরির ঘটনায় গ্রেপ্তার ২
অভিনেত্রী ইয়ামিন হক ববি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববির মিরপুরের বাসায় চুরির ঘটনায় ফারুক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে চুরি হওয়া ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে চিত্রনায়িকা ববি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৬ মে রাজধানীর কাফরুল থানার সেনপাড়া পর্বতা (পূর্ব মনিপুর) এলাকার ববির স্থায়ী বাসায় এ চুরির ঘটনা ঘটে। ববি জানান, শুটিংয়ের কাজে তিনি ঢাকার বাইরে থাকার সুযোগে দুর্বৃত্তরা বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা নগদ অর্থসহ প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার মূল্যবান সামগ্রী ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খোয়া যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে অভিনেত্রীর প্রয়াত বাবার দেওয়া স্মৃতিবিজড়িত ৩০-৩৫ ভরি স্বর্ণালংকার ও কয়েকটি দামী হাতঘড়ি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক পোস্টে ববি লিখেছেন, এই অপরাধীদের সাধারণ চোর ভাবার কোনো সুযোগ নেই, তারা একটি সুসংগঠিত ও পেশাদার চক্র। ঈদের মাত্র দুই দিন আগে বাবার দেওয়া শেষ স্মৃতিগুলো হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। ববি উল্লেখ করেন, লুণ্ঠিত সামগ্রীর আর্থিক মূল্যের চেয়ে তার বাবার স্মৃতির আবেগগত মূল্য অনেক বেশি ছিল।

চুরির ঘটনায় দায়ের করা মামলার পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। আংশিক মালামাল উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানালেও, বাকি স্বর্ণালংকার ফিরে পেতে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন তিনি। কাফরুল থানা পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তদন্ত ও অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এমএকে/