শিক্ষক দিবসের র‍্যালিতে শেখ হাসিনার নামে ব্যানার, প্রধান শিক্ষক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি
শিক্ষক দিবসের র‍্যালিতে শেখ হাসিনার নামে ব্যানার, প্রধান শিক্ষক আটক
আটককৃত প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়া। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি স্কুলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে (৪৮) আটক করেছে পুলিশ।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আটক আবুল হাশেম ভূঁইয়া দৌলতপুর উপজেলার কুনিয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম মৃত ফুলতান ভূঁইয়া। পুলিশের দাবি, আবুল হাশেম দৌলতপুর থানাধীন কুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

পুলিশ জানায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাটুরিয়া উপজেলায় তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র‍্যালিতে একটি ব্যানার বহন করা হয়। ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।

র‍্যালি শেষে তিল্লি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যানারের বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা সাটুরিয়া থানা পুলিশকে জানান।

খবর পেয়ে সাটুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

তিল্লী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোরহাব হোসেন বলেন, প্রধান শিক্ষক নিজে ব্যানারটি এনেছিলেন। শিক্ষক দিবসের আলোচনা সভা ও র‌্যালিও হয়েছে। আমরা শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলাম। পরে পুলিশ প্রধান শিক্ষককে আটক করে নিয়ে গেছেন।

ওসি মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি যাচাই-বাছাই করে আটককৃত আবুল হাশেম ভূঁইয়াকে রাজনৈতিক মামলায় আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/