শিরোনাম

স্ত্রীকে গাছে বেঁধে পেটানো সেই স্বামী ইয়াবাসহ গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
স্ত্রীকে গাছে বেঁধে পেটানো সেই স্বামী ইয়াবাসহ গ্রেপ্তার
আটক বদিউজ্জামান। ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে স্ত্রীকে গাছে বেঁধে পেটানো সেই স্বামীকে ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১২ মে) রৌমারী থানার ওসি কাওছার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক বদিউজ্জামান দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোট ধনদোলা এলাকার বানিজ উদ্দিনের ছেলে। বদিউজ্জামান ও তার স্ত্রী ছালেহা বেগম উভয়ের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন বলেন, সোমবার সীমান্ত পিলার ১০৫৬ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১১ পিস ইয়াবাসহ বদিউজ্জামানকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে

এ বিষয়ে ওসি কাওসার আলী বলেন, বিজিবি ইয়াবাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় করলা চুরির অভিযোগে স্ত্রী ছালেহাকে গাছে বেঁধে নির্যাতন করেন এই বদিউজ্জামান। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।

/এসআর/