শিরোনাম

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপরে বইছে দুধকুমার, বন্যার শঙ্কা

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি
বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপরে বইছে দুধকুমার, বন্যার শঙ্কা
কুড়িগ্রামের দুধকুমার নদের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশ পরিবার।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সোমবার (২৯ জুন) সকাল ৬টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ২৯.৭৬ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে। তা ছিল বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে। এরপর সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ২৯.৮৩ সেন্টিমিটার। ৭ সেন্টিমিটার বেড়ে দুধকুমার নদের পানি এসময় বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি উন্নয়ন বোর্ড বলছে, কুড়িগ্রামের নদ-নদীর পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় শুকনো খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। পানি বেড়ে যাওয়ায় এসব নদীর তীরবর্তী নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে চরাঞ্চলের বাসিন্দারা। পানিতে তলিয়ে গেছে চরের শাক-সবজিসহ বিভিন্ন ফসল।

পানি উন্নয়ন বোর্ড আরও জানায়, তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই ও দক্ষিণছাট গোপালপুর গ্রামের শতাধিক বাড়ি-ঘরে পানি ঢুকেছে। পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া ও পাইক ডাঙ্গা, সোনাহাট ইউনিয়নের চরবলদিয়া, চর শতিপুরি, চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর ও আন্ধারিঝাড় ইউনিয়নের চর বাড়ুইটারী, চরধাউরারখুটিসহ বেশকিছু চরাঞ্চল প্লাবিত হয়েছে।

দুধকুমার পাড়ের বাসিন্দা হাসেম আলী, ফরিদুল, খোকন ও আব্দুল জলিল জানান, বাড়িতে পানি উঠেছে। গবাদি পশু, হাঁস-মুরগি নিয়ে তারা বিপদে আছেন। বর্তমানে ভাঙন আতঙ্কে দিন পার করছেন।

ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, পাইকডাঙ্গা ও ছিট পাইকেরছড়া গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, তার ইউনিয়নের ৩টি ওয়ার্ডের দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ পর্যন্ত কোনো ত্রাণ বরাদ্দ পাননি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, সকাল ৯টায় দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় জেলার নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ জানান, বন্যা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদেরকে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে। এ ছাড়াও শুকনো খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

বন্যা মোকাবিলায় উপজেলা প্রশাসনের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

/এফসি/