শিরোনাম

সম্পর্কের বিরোধে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, তরুণী গ্রেপ্তার

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
সম্পর্কের বিরোধে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, তরুণী গ্রেপ্তার
মরদেহের প্রতীকী ছবি। গ্রাফিকস সিটিজেন জার্নাল

রাজধানীর মহাখালী এলাকায় সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. মামুন ভূঁইয়া (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিউটি আক্তার (৩০) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে বনানী থানা-পুলিশ।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়। তিনি বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী ছিলেন। মামুন ও বিউটির বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে মহাখালীর টিবি গেট এলাকার পূর্বপাড়ার একটি ভাড়া বাসায় দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বিউটি ধারালো অস্ত্র দিয়ে মামুনের পেট ও স্পর্শকাতর স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহাখালীর গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহতের চাচা মোকসেদ আলী ভূঁইয়া জানান, প্রায় পাঁচ মাস আগে মামুন বাংলাদেশ রেলওয়েতে চাকরি পান এবং এক মাস আগে কর্মস্থলে যোগ দেন। তিনি বিবাহিত। তার অন্তঃসত্ত্বা স্ত্রী বর্তমানে গ্রামের বাড়িতে অবস্থান করছেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক হাসান বলেন, ঘটনার পর অভিযুক্ত বিউটি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।

/এমআর/