শিরোনাম

ঝিকরগাছায় মা-শিশুর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশে হেফাজতে

বেনাপোল সংবাদদাতা
বেনাপোল সংবাদদাতা
ঝিকরগাছায় মা-শিশুর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশে হেফাজতে
ঝিকরগাছা থানা

যশোরের ঝিকরগাছা উপজেলায় নাভারণ ইউনিয়নের শরিফপুর গ্রামে মা ও তার শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রাতে গৃহবধূ রেবেকা খাতুন ও তার ছেলে সোহরাব হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে মা ও শিশুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহত রেবেকার স্বামী জনি মিয়াকে আটক করেছে পুলিশ।

শ্বশুর রবিউল ইসলাম ও শাশুড়ি পরিছন বেগম বলেন, জমি বিক্রি নিয়ে রেবেকার বোন সাফিয়া বেগমের সঙ্গে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে রেবেকা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নিহতের বোন সাফিয়া বেগম। তিনি বলেন, জনি মিয়া মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে তার বোনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে রেবেকা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, মা ও শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা যাবে।

/এসআর/