শিরোনাম

দল-মতের ঊর্ধ্বে উঠে উন্নয়ন করছে সরকার: প্রতিমন্ত্রী

যশোর সংবাদদাতা
যশোর সংবাদদাতা
দল-মতের ঊর্ধ্বে উঠে উন্নয়ন করছে সরকার: প্রতিমন্ত্রী
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যরা

সরকার দল মতের ঊর্ধ্বে উঠে জনগণের মৌলিক অধিকার ও এলাকার অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার উন্নয়নের ক্ষেত্রে কে ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি– সেটা বিবেচনা করছে না। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে যশোর সদর উপজেলার চাঁচড়া হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সংস্কার ও প্রশস্তকরণ কাজের উদ্বোধনের পর এলাকাবাসীর উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে বিএনপি তুলনামূলক কম ভোট পেয়েছে। তা সত্ত্বেও বর্তমান সরকারের জনকল্যাণমুখী নীতির কারণে এই চাঁচড়া ইউনিয়নেই প্রথম চার কোটি টাকা ব্যয়ে চার কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। শুধু তাই নয়, যশোরের এই চাঁচড়া ইউনিয়নেই প্রথম ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উপস্থিত হয়ে যশোরে যে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধন করেছেন, তাও এই চাঁচড়া ইউনিয়নেই অবস্থিত।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/