শিরোনাম

বিদ্যুৎহীন ৮ ঘণ্টা, খামারে ৪০০ মুরগির মৃত্যু

যশোর সংবাদদাতা
যশোর সংবাদদাতা
বিদ্যুৎহীন ৮ ঘণ্টা, খামারে ৪০০ মুরগির মৃত্যু
মুরগির খামার

যশোরের অভয়নগর উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় একটি পোলট্রি খামারের ৪০০শ মুরগি মারা গেছে। শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার বুইকরা গ্রামে এ ঘটনা ঘটে। এতে হতাশায় ভেঙে পড়েছেন খামারের দুই তরুণ উদ্যোক্তা মো. হাসান ও মো. হোসেন। তারা যমজ ভাই।

হাসান ও হোসেন বুইকরা গ্রামের মোহাম্মদ আলী ও মরজিনা বেগম দম্পতির সন্তান। মোহাম্মদ আলী অর্থাভাবে সন্তানদের পড়াশোনা বেশি করাতে পারেননি। হাসান আকিজ ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা পাস করেছেন। হোসেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্মান তৃতীয় বর্ষ পর্যন্ত পড়েছেন। অনেক দৌঁড়ঝাপ করেও চাকরি পাননি তারা। বেকারত্ব ঘোচাতে ২০২৩ সালে এনজিও থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ঋণ নিয়ে পোলট্রি খামার শুরু করেন। বার্ষিক ৫০ হাজার টাকা ভাড়ায় ২৫ শতাংশ জমিতে খামার গড়ে তোলেন তারা। এতে সংসারে সচ্ছলতা ফিরেছে। পরিবারের সবাই এই খামারে শ্রম দেন।

মো. হাসান জানান, গত শুক্রবার পর্যন্ত খামারটিতে মুরগি ছিলো আড়াই হাজার। রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টা পুরো এলাকায় বিদ্যুৎ ছিল না। এই সময়ের মধ্যে বিক্রির উপযোগী চার শতাধিক মুরগি মারা যায়।

শনিবার কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার সব শেষ হয়ে গেলো। ধারদেনা করে দুই ভাই খামারটি করেছি। বাবা-মাকে নিয়ে সারাদিন দেখাশুনা করি। ভেবেছিলাম মুরগি বিক্রি করে সব দেনা পরিশোধ করবো। কিন্তু বিদ্যুতের কারণে সব শেষ হয়ে গেলো।’

তিনি আরও বলেন, ‘মুরগির খাবার এবং ওষুধের দোকানে বাকিসহ সব মিলিয়ে সোয়া লাখ টাকার মতো ঋণ আছে। এখন কীভাবে ঋণ শোধ করবো ভেবে পাচ্ছি না।’

নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম সনজিৎ কুমার মণ্ডল বলেন, ‘উপজেলার সরখোলা গ্রামে তারের ওপর শুক্রবার রাতে নারিকেল গাছ পড়ে। এতে একটি তার ছিঁড়ে যায়। এ কারণে ওই এলাকার লাইনে বিভ্রাট দেখা দেয়। রাতে ঘটনা ঘটায় কিছু করতে পারিনি। গতকাল সকালে লাইনটি ঠিক করা হয়েছে।’

/এসআর/