শিরোনাম

নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলা পরিদর্শনে তিন বাহিনী প্রধানরা

গাজীপুর সংবাদদাতা
নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলা পরিদর্শনে তিন বাহিনী প্রধানরা
মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা। এসময় তারা আইনশৃঙ্খলা রক্ষায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গাজীপুরে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

তিন বাহিনী প্রধানরা এদিন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

মতবিনিময়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার ও বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিয়ে আলোচনা হয়।

তিন বাহিনী প্রধানরা নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারত্ব, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তারা নির্বাচনী দায়িত্বে থাকা সদস্যদের নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন।

এছাড়া ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ আওতায় মোতায়েন সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম তারা সরেজমিন পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

/এসআর/