চুরি করা গরু দিয়ে ছেলের বউভাতের আয়োজন, বাবা গ্রেপ্তার

গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা সংবাদদাতা
চুরি করা গরু দিয়ে ছেলের বউভাতের আয়োজন, বাবা গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম

ছেলের বউভাত। বাড়িজুড়ে উৎসব মুখর পরিবেশ। অতিথিদের আপ্যায়নের প্রস্তুতি আর রান্নাঘরে চলছিল ভূরিভোজের তোড়জোড়। এরই মধ্যে আয়োজনের মাংস কাটতে গিয়ে হঠাৎ বেরিয়ে এলো চাঞ্চল্যকর ঘটনা। অতিথিদের আপ্যায়নের জন্য যে গরুটি জবাই করা হয়েছিল, সেটি চুরি করে আনা হয় পাশের গ্রামের এক কৃষকের গোয়ালঘর থেকে। আয়োজনস্থলে গরুর মাথা ও চামড়া দেখে নিজের গাভি শনাক্ত করেন ভুক্তভোগী মালিক। মুহূর্তেই আনন্দের বউভাতের আয়োজন বদলে রূপ নেয় চুরি আর গ্রেপ্তারের ঘটনায়।

শনিবার (৩ অক্টোবর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামে চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটে। গরু চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বরের বাবা রফিকুল ইসলামকে (৫২)।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম মাস্তা গ্রামের কৃষক শহিদুল ইসলাম গত শুক্রবার সন্ধ্যায় তার লক্ষাধিক টাকা মূল্যের একটি কালো রঙের সংকর জাতের গাভি গোয়ালঘরে বেঁধে রাখেন। তবে দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে তিনি ঘর থেকে বের হয়ে বাড়ির মূল ফটকের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এতে দ্রুত গোয়ালঘর গিয়ে দেখেন গরুটি নিখোঁজ। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। ভোররাতেই তারা গরুটি খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে পাশের বকশিচর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে যান তারা।

সেখানে গিয়ে সবাই চমকে যান। বিয়ে বাড়িতে যে গরুটি জবাই করে মাংস কাটাকাটি চলছে, সেটির মাথা ও চামড়া দেখে নিজের গাভি শনাক্ত করেন ভুক্তভোগী শহিদুল ইসলাম। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে গরুর মালিক শহিদুলের ভাতিজা আনারুল ইসলামকে আঘাত করে বলে অভিযোগ ওঠে। আহত আনারুলকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গরুর মাথা, চামড়া, ভুঁড়ি ও পা উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এ সময় গরু চুরির অভিযোগে রফিকুল ইসলামকেও আটক করা হয়।

স্থানীয়রা জানান, গত শুক্রবার পেশায় কসাই রফিকুল ইসলামের ছেলে সোহান মিয়ার (২৩) সঙ্গে পাশের রুদ্রনগর গ্রামের এক তরুণীর বিয়ে হয়। গতকাল শনিবার রফিকুলের বাড়িতে বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই ভূরিভোজ অনুষ্ঠানের জন্য রফিকুল গরুটি চুরি করেছিলেন বলে অভিযোগ। তবে গরু চুরির ঘটনায় অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

এদিকে, পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ছেলের বউভাতের অনুষ্ঠানের জন্য গরু চুরির কথা স্বীকার করেছেন অভিযুক্ত রফিকুল ইসলাম।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, গরুর মালিক বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে চুরির মামলা করেছেন। মামলার পর রফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

/এফআর/