১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা সংবাদদাতা
১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩
কষ্টিপাথরসহ গ্রেপ্তারকৃত আসামিরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের আরিফ হোসেনের ছেলে আলিপ হোসেন (২২), একই গ্রামের বুরুজ মিয়ার স্ত্রী মোছা. সরজিনা আক্তার (৩০) এবং পণ্ডিতপুর জিড়াই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৫০)।

বিজিবি জানায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শাখাহার ইউনিয়নের দইহারা-জিড়াই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারের উদ্দেশে নেওয়া দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া মূর্তির মধ্যে একটি বিষ্ণুমূর্তি। এর ওজন ১৬ কেজি ৮৭০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৬ লাখ ৮৭ হাজার টাকা। অপরটি কষ্টিপাথর সদৃশ বস্তু, যার ওজন প্রায় ১১৯ কেজি এবং আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।

বিজিবির সদর দপ্তর নির্ধারিত মূল্য অনুযায়ী, উদ্ধার হওয়া কষ্টিপাথরের দুটি মূর্তির মোট আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।

উদ্ধার হওয়া মূর্তিগুলোর মান নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে যাচাই করা হয়। পরে ডিজিটাল মেশিনে ওজন করা হয়।

বিজিবি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/