শিরোনাম

ফরিদপুরে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছাত্রলীগের
কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নিষিদ্ধ ছাত্রলীগ সরকারি রাজেন্দ্র কলেজ শাখা। সোমবার (২২ জুন) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর রাজেন্দ্র কলেজে এ কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান রাতে তার ফেসবুক আইডিতে ৪০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন। ওই ভিডিও থেকে এ তথ্য জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, ফরিদপুর জেলা ছাত্রলীগের পক্ষে রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগ এ কর্মসূচি পালন করে। এ সময় অংশগ্রহণকারীদের সবার মুখে কালো মাস্ক ছিল। ভিডিওতে তাদের ‘রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’, ‘রিয়ান ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিতে দেখা যায়। পরে মোমবাতি নিভিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

ভিডিওতে কেক কাটার আগে তামজিদুল রশিদ চৌধুরীকে বলতে শোনা যায়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ রাজেন্দ্র কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে।’

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ তানজিমুল রশিদ চৌধুরী ওরফে রিয়ান ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের বর্ণনা দিয়ে বলেন, ওই সময় আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যে খেলা চলছিল। রাজেন্দ্র কলেজের প্রশাসনিক ভবনের সামনে বড়পর্দায় ওই খেলা দেখানো হচ্ছিল। খেলার দর্শকদের মধ্যে আমাদের কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরাও ছিলেন। রাত ১২টা বাজতেই আমিসহ কর্মীরা কলেজের শহীদ মিনারের উত্তর পাশে টিচার্স ক্লাবের সামনে সমবেত হয়ে এ কর্মসূচি পালন করি।

তামজিদুল রশিদ চৌধুরী আরও জানান, ওই কর্মসূচিতে ১২ থেকে ১৪ জন কর্মী অংশ নেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, কেক কাটার ভিডিওটি তিনি দেখেছেন। জায়গাটি কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আমরা খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি।

/এসআর/