শিরোনাম

রাজধানীতে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বিজিবি মোতায়েন
ধানমন্ডিতে বিজিবির সদস্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা মোকাবিলায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিজিবির পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।

এ লক্ষ্যে সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কে এম ইয়াসির আরাফাত সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর একটি চিঠি দেন।

চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এজন্য ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মেট্রোপলিটন এলাকাসহ নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেনা সদস্য মোতায়েনের অনুরোধ জানানো হয়।

/জেএইচ/