শিরোনাম

ফরিদপুরে বাস উল্টে ২ যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে বাস উল্টে ২ যাত্রীর মৃত্যু
দুর্ঘটনা কবলিত বাস। ছবি: সিটিজেন জার্নাল

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার সুয়াদি এলাকার ‘সিসিপিএল পেট্রোল পাম্পের’ সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের বাসটি পেট্রোল পাম্পে তেল নিতে প্রবেশ করছিল। এসময় আরেকটি গাড়িকে সাইট দিতে গেলে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মারা যাওয়া ব্যক্তির নাম শরিফুল ইসলাম। তিনি বাসের সুপারভাইজার ছিলেন। তাৎক্ষণিকভাবে অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা গাড়ি ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়।

/এসআর/