শিরোনাম

যুবদল নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
যুবদল নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর করার অভিযোগ
জমি দখলের বিরোধকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জমি দখলের বিরোধকে কেন্দ্র করে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে।

রবিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ওই মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা।

পরিবারের অভিযোগ, হামলার সময় রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে তিনি মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে জানতে চাইলে নিজাম উদ্দিন বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। ঘটনাস্থলেও যাইনি।’

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, ইসলামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ খানের পরিবার দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছে। তার ছেলে আবদুল গফফার জানান, স্বাধীনতার পর তাদের পরিবার সরকারি একটি জায়গায় বসবাস শুরু করে। পরে সরকার ওই জমি তার বাবা আবদুল্লাহ খানকে ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দেয়।

আবদুল গফফারের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ওই জমি দখলের চেষ্টা শুরু করেন স্থানীয় যুবদল নেতা নিজাম উদ্দিন ও তার সহযোগীরা। একপর্যায়ে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আবদুল গফফার বলেন, ‘অনেক দিন ধরে তারা জায়গাটি দখল করার চেষ্টা করছিল। এ নিয়ে থানায় লিখিত অভিযোগও দিয়েছি। পরে তারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় রোববার দুপুরে তারা আমাদের বসতঘরে হামলা চালিয়ে ঘর ভেঙে ফেলে এবং আসবাবপত্র লুট করে নিয়ে যায়। হামলার ভিডিওও আমাদের কাছে রয়েছে।’

ঘটনার বিষয়ে জগন্নাথপুর থানার উপপরিদর্শক হাদী আবদুল্লাহ বলেন, ‘ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুক্তিযোদ্ধার ছেলের ঘরটি ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

/এসএ/