শিরোনাম

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি
মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

রফিকুল ইসলাম বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রায় সাড়ে তিন ঘণ্টার ভ্রমণ শেষে মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান। বিমানবন্দর থেকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের নিউরোসায়েন্সেস বিভাগে আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) তার চিকিৎসা চলছে। সাড়ে তিন ঘণ্টার যাত্রায় তাঁর কোনো সমস্যা হয়নি, তিনি নিরাপদে আছেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

গত বুধবার মির্জা আব্বাস ইফতারের সময় অসুস্থ হয়ে পড়েন। ওই সময় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে। শুক্রবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় পৌনে চার ঘণ্টা অস্ত্রোপচার শেষে রাতে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রবিবার সেখান থেকে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলো।

/বিবি/