শিরোনাম

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ

ফাঁসির আসামি আবুল কালাম আজাদের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফাঁসির আসামি আবুল কালাম আজাদের আত্মসমর্পণ
মাওলানা আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার আত্মসমর্পণ করেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউশন শাখায় হাজির হয়ে তিনি আত্মসমর্পণের আবেদন করেন।

তার আত্মসমর্পণের আবেদনটি প্রসিকিউশন পেয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণ করার আবেদন পেয়েছে প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান অনুপস্থিত থাকায় আবেদনের শুনানি হয়নি। পলাতক আবুল কালাম গত বছর বিদেশ থেকে দেশে ফিরে ২২ অক্টোবর ফৌজদারি কারাবিধি ৪০১ ধারা অনুযায়ী সাজা স্থগিত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে আবেদন করেছিলেন। তখন তার সাজা এক বছরের জন্য স্থগিত করে সরকার।

বাচ্চু রাজাকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১১ সালে বিচার শুরু হয়। ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তাকে মৃত্যুদণ্ডের রায় দেন।

তখন বাচ্চু রাজাকারের বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে সাতটিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। অপর একটি অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে না পারায় সেটি খারিজ করা হয়েছিল।

আবুল কালাম আজাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে ১৪ জনকে হত্যা, ৩ নারীকে ধর্ষণ, ৯ জনকে অপরহরণ, ১০ জনকে আটকে রাখা, ৫ জনের বাড়িতে অগ্নিসংযোগ ও ১৫টি বাড়ির মালামাল লুণ্ঠনের অভিযোগ প্রমাণিত হয়। যুদ্ধাপরাধের বিচারের প্রথম রায় ছিল এটি।

ফরিদপুরের সালথা থানার বড়খাড়দিয়া গ্রামে ১৯৪৭ সালের ৫ মার্চ জন্মগ্রহণ করেন আবুল কালাম আজাদ। তার পিতার নাম সালাম মিয়া। তিনি কওমি মাদ্রাসায় পড়ার পর ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে লেখাপড়া করেন। বিচারের আগে বেশ কয়েক বছর তিনি এনটিভিতে ‘আপনার জিজ্ঞাসা’ নামে একটি ইসলামী অনুষ্ঠানে উপস্থাপনা করতেন।

মুক্তিযোদ্ধা কমান্ডের ফরিদপুর জেলার আহবায়ক কমিটির সদস্য সচিব মো. নজরুল ইসলাম বলেন, আইননুযায়ী বাচ্চুর বিচার হয়েছে। তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় শাস্তি হয়েছে। তিনি আদালতে আত্মসমর্পণ করেছে শুনেছি। আদালতে আইনের বাইরে কিছু হওয়ার সুযোগ নেই।

মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুস সালাম লাল বলেন, বিচার শুরু হলে বাচ্চু দেশ ছেড়ে পালিয়ে যায়। আদালতে তার বিচার হয়েছে। টিভিতে দেখেছি, তিনি আত্মসমর্পণ করেছেন।

/এসআর/