শিরোনাম

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ

রাবি সংবাদদাতা
রাবি সংবাদদাতা
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ
শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় এলাকার চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফোরকান উদ্দীন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার পথে কয়েকজন যাত্রীর কাছ থেকে রসিদ ছাড়া টাকা আদায়ের ঘটনা দেখে প্রতিবাদ করেন ফোরকান। এ সময় টিটিদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করা হয়। সোমবার (২০ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চারুকলা অনুষদ-সংলগ্ন রেললাইনে অবস্থান নেন এবং ঘটনার বিচার দাবি করেন।

তারা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিচয় জানার পরও তার ওপর এমন বর্বর হামলা মেনে নেওয়া যায় না। যতক্ষণ না অভিযুক্ত টিটি সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের দাবি, আজ আমরা এর প্রতিবাদ না করলে কাল যেকোনো সাধারণ যাত্রী বা শিক্ষার্থী একই নির্যাতনের শিকার হতে পারেন।

‎​অবরোধের কারণে সাময়িক ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটায় সাধারণ যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন আন্দোলনকারীরা।

রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দীন আম্মার বলেন, রাত সাড়ে ৩টার দিকে তিনি মারধরের অভিযোগের খবর পান। পরে ট্রেন রাজশাহীতে পৌঁছালে বিষয়টির সমাধানের চেষ্টা করা হয়। তার দাবি, ট্রেন থামিয়ে অভিযুক্ত টিটিকে আগের একটি স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছিল।

ভুক্তভোগী শিক্ষার্থী অনিয়মের প্রতিবাদ করায় তাকে কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগ করেন আম্মার। এতে তার পায়ে আঘাত লাগে এবং চশমা ভেঙে যায়। ঘটনাটি আরও বড় দুর্ঘটনায় রূপ নিতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

/জেএইচ/