শিরোনাম

‘ফোন করে একজন বলে, ভাই মারা গেছে’

সাভার সংবাদদাতা
সাভার সংবাদদাতা
 ‘ফোন করে একজন বলে, ভাই মারা গেছে’
আহম্মেদ বাবু

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে একজন সাভারের আমিনবাজার এলাকার আহম্মেদ বাবু। তিনি পেশায় কসমেটিকস ব্যবসায়ী ছিলেন। আমিনবাজার জমিদার মার্কেটে ‘কিউট কসমেটিকস’ নামে তার একটি দোকান রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, ব্যবসার জন্য কসমেটিকস কিনতে নিয়মিত কলকাতায় যাতায়াত করতেন বাবু। সর্বশেষ গত ১৭ আগস্ট তিনি কলকাতায় যান। বুধবার তার দেশে ফেরার কথা ছিলো।

বাবু আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার মৃত আদম আলীর ছেলে এবং ওই এলাকার শিকদার পাড়ায় নিজেদের বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করতেন। চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন বাবু।

বুধবার বিকালে বাবুর বাড়িতে গিয়ে দেখা যায়, বাবুর মৃত্যুর খবর পেয়ে স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে ভিড় করেছেন। তার মা ও স্ত্রী দুই সন্তানকে আঁকড়ে ধরে কাঁদছিলেন। স্বজন ও প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। শুধু বাবুর বাড়িতেই নয়, পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

বাবুর বড় ভাই মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, ‘গতকাল বাবুর সঙ্গে কথা হয়েছিলো। আজ তার দেশে ফেরার কথা ছিলো। কিন্তু সকাল ১১টার দিকে একজন ফোন করে জানান, আমার ভাই কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে মারা গেছে।’

তিনি বলেন, ‘প্রথমে তার কথা বিশ্বাস হচ্ছিল না। পরে সাংবাদিকদের পাঠানো ছবি দেখে নিশ্চিত হই, আমার ভাই আর নেই।’

দ্রুত ভাইয়ের মরদেহ দেশে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান মোহাম্মদ আলী।

/এসআর/