শিরোনাম

কালভার্ট নির্মাণকালে মাটিচাপায় ২ শ্রমিক নিহত

কক্সবাজার প্রতিনিধি
কালভার্ট নির্মাণকালে মাটিচাপায় ২ শ্রমিক নিহত
ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

কক্সবাজার শহরে একটি নির্মাণাধীন কালভার্টে কাজ করার সময় পাহাড় ধসে মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার দিকে শহরের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জাফর আহমেদের ছেলে মোহাম্মদ ইলিয়াস ও একই উপজেলার নাসির আহমেদের ছেলে মোহাম্মদ রাকিব। আর আহত শ্রমিকের নাম মোহাম্মদ শাহজাহান।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, দরিয়ানগরে অবস্থিত ভেটেনারি বিশ্ববিদ্যালয়ের চলাচলের সড়কে পাহাড়ি পানি চলাচলের ছড়ায় একটি কালভার্ট নির্মাণ কাজ চলছে। এটির নির্মাণ কাজ করছে লাকি এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আজ সকালে শ্রমিকরা কালভার্টের নির্মাণকাজ করছিলেন। হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়লে তিন শ্রমিক মাটিচাপা পড়েন। পরে স্থানীয় লোকজন ও অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, গুরুতর অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এফআর/