শিরোনাম

এবার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সেই নয়ন

নিজস্ব প্রতিবেদক
এবার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সেই নয়ন
যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন আলোচিত যুবনেতা রবিউল ইসলাম নয়ন। বৃহস্পতিবার (০৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির তালিকায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। নতুন এই কমিটিতে নয়ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তার অনুসারী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

এদিকে, পদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন নয়ন। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় আমার একমাত্র রাজনৈতিক অভিভাবক ও যুবদলের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আবদুল মোনায়েম মুন্না ভাই এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ভাইয়ের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ। আমি আপনাদের দিকনির্দেশনা ও দলের আদর্শ বুকে ধারণ করে দলের জন্য আমৃত্যু কাজ করে যাবো, ইনশাআল্লাহ।’

রবিউল ইসলাম নয়ন দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা, গ্রেপ্তার, জেল-জুলুম শিকার হয়েছেন। সবশেষ নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, স্লোগান ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সামনে দৌড়ে বিভিন্ন সময় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেন রবিউল ইসলাম নয়ন।

/এফআর/