শিরোনাম

মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

মেহেরপুর সংবাদদাতা
মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
দ্রুতগতির একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দেয়।

মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগর এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের ইজিবাইকচালক আরিফ হোসেন, যশোরের ঝিকরগাছার সজিব হোসেনের ছেলে আবরার হোসেন এবং উত্তর শালিকা গ্রামের মাহিন হোসেনের কন্যা আফরিন। আহতরা হলেন- মাহিন হোসেন ও তার স্ত্রী মুক্তা খাতুন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতদের স্বজন মনিরুল ইসলাম জানান, মাহিন হোসেন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ইজিবাইকে করে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারা অলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আরিফ হোসেন নিহত হন। এসময় গুরুতর আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে শিশু আবরার হোসেন ও আফরিনের মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।

/এসআর/