শিরোনাম

মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

কক্সবাজার প্রতিনিধি
মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
মরদেহের প্রতীকী ছবি। গ্রাফিকস সিটিজেন জার্নাল

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হামলায় খলিলুর রহমান নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত ছেলে মোহাম্মদ মিনারকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে খলিলুর রহমানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তার ছেলে মিনার। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা অভিযুক্ত মিনারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। আগেও তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। আজ জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তার বাবার ওপর হামলা চালায় মিনার। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসআর/