শিরোনাম

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ৫

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ৫
(বামে) উদ্ধারকৃত বিদেশি পিস্তল।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসা এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত পাঁচজন আহত হন। তাদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ মে) সকাল ১১ টার দিকে আদালত ভবনের দক্ষিণ পাশের গেটের সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দে আদালত এলাকায় থাকা বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলিবিদ্ধ দুজন হলেন– মহিউদ্দিন ও রনি। তারা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সহযোগীরা। হাজিরা শেষে বের হওয়ার পথে লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করে গুলি করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এঘটনায় জিয়াউল হক জিয়া (৩৪) নামের একজনকে আটক করে লিয়াকতের সহযোগীরা। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলার কারণ অনুসন্ধান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

/এফআর/