শিরোনাম

‘তারেক রহমান কৃষকদের কল্যাণে নানা পদক্ষেপ নিয়েছেন’

কুমিল্লা সংবাদদাতা
‘তারেক রহমান কৃষকদের কল্যাণে নানা পদক্ষেপ নিয়েছেন’
‘কৃষক কার্ড’ বিতরণ করেন কৃষিমন্ত্রী আমিন-উর-রশিদ ইয়াছিন। পাশে রয়েছেন অন্য অতিথিরা। ছবি: সংবাদদাতা

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর-রশিদ ইয়াছিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিবান্ধব আদর্শে বিশ্বাসী। তিনি দায়িত্ব নেওয়ার পর কৃষকদের কল্যাণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে কৃষি ঋণমুক্তকরণ কার্যক্রম জোরদার ও ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ উল্লেখযোগ্য। নির্বাচনী ইশতেহারের ৩১ দফা প্রতিশ্রুতির অংশ হিসেবে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কুমিল্লার আদর্শ সদ‌র উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, দেশের কৃষি খাতের উন্নয়নে অতীতের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগ আজও ইতিবাচক প্রভাব রাখছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় কৃষি ঋণমুক্তকরণ, সারের ভর্তুকি প্রদানসহ নানা সহায়ক নীতি বাস্তবায়ন করা হয়েছিল, যা কৃষি খাতকে শক্তিশালী ভিত্তি দেয়। ‘কৃষক বাঁচলে, দেশ বাঁচবে’– এই দর্শন থেকে সেই সময়কার নীতিনির্ধারণ করা হয়েছিল।

তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। এই বৃহৎ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা গেলে জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে এবং কৃষিকে প্রযুক্তিনির্ভর ও টেকসই খাতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষি কার্ড সম্পর্কে মন্ত্রী বলেন, কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা সেচের সুবিধা পাবেন। সেচপাম্পগুলোকে ‘সোলার সিস্টেম’ করা হবে। যাতে দেশের উৎপাদিত বিদ্যুতের ওপর নির্ভর করতে না হয় এবং এই সোলার সিস্টেমেও সরকার ভর্তুকি দেবে।

সারাদেশে ডিজিটাল কৃষি সেবাকে আরও বেগবান করতে কুমিল্লায় ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়। কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) জসিম উদ্দিন, কুমিল্লা-৭ আসনের এমপি আতিকুল আলম শাওন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, কুমিল্লা সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরাসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসআর/