শিরোনাম

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

চট্টগ্রামের পৃথক দুটি স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এবং দুপুরে রাউজান উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নোয়াখালী জেলার সাকিব (২৫) ও হৃদয় (২৪) এবং চট্টগ্রামের রাউজান উপজেলার কচুখাইন এলাকার প্রদীপ দাশ এবং বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকার সমীরণ দাশ।

জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে যায় দুই নির্মাণশ্রমিক। তাদের মধ্যে প্রথমে প্রদীপ দাশ সেপটিক ট্যাংকে নামার পর ট্যাংকের জমে থাকা গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নেমে সমীরণ দাশও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস রাউজান স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রদীপ ও সমীরণকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

অন্যদিকে, শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকার একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে সাকিব ও হৃদয়। এসময় ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

/এফআর/