শিরোনাম

গ্রেপ্তারের পরদিন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
গ্রেপ্তারের পরদিন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
নুরুল আলম

চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সাতকানিয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, সাতকানিয়া থানার একটি মামলায় মঙ্গলবার সন্ধ্যায় নুরুল আলমকে কারাগারে আনা হয়েছিল। বুধবার সকালে তিনি জানান, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং বুকে ব্যথা অনুভব করছেন। পরে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রেপ্তার নুরুল আলমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। মঙ্গলবার দুপুরে সেখান থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে স্বজনরা জানিয়েছেন।

স্থানীয়রা বলছেন, নুরুল আলম সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদে থাকলেও বেশ কিছুদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকায় তিনি ব্যবসা করতেন।

তার বড় ভাই নূর মোহাম্মদের অভিযোগ, জায়গা জমি নিয়ে স্থানীয় কিছু লোকের সঙ্গে বিরোধের জেরে যুবলীগ ট্যাগ দিয়ে নুরুল আলমকে গ্রেপ্তার করানো হয়েছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। সে স্বাভাবিকভাবে চলাফেরা করত, নিয়মিত রেয়াজউদ্দিন বাজারের দোকানে বসত। আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

/এসআর/