শিরোনাম

চাঁদাবাজি বন্ধে সড়কে মাছ ছিটিয়ে বিক্ষোভ জেলেদের

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চাঁদাবাজি বন্ধে সড়কে মাছ ছিটিয়ে বিক্ষোভ জেলেদের
বুধবার চট্টগ্রাম নগরের রাসমণি ঘাট গোলচত্বর এলাকায় বিক্ষোভ করেছেন জেলেরা

চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদে সড়কের ওপর মাছ ও বরফ ছিটিয়ে বিক্ষোভ করেছেন জেলেরা। বুধবার (২৪ জুন) সকালে নগরের রাসমণি ঘাট গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারও অংশ নেন।

সকাল সাড়ে ১০টার দিকে প্রায় শতাধিক জেলে ব্যানার ও ফেস্টুন হাতে বিক্ষোভ শুরু করেন। সড়কের একপাশে অবস্থান নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে নানা স্লোগান তারা। একপর্যায়ে সড়কে মাছ ও বরফ ছিটাতে শুরু করেন। এ ছাড়া সড়কের ওপর গ্যাস সিলিন্ডারও ফেলে রাখেন।

বিক্ষুব্ধ জেলেরা জানান, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মো. দিদারুল ফেরদৌসের নেতৃত্বে একটি চক্র গত ২৩ এপ্রিল থেকে সিটি করপোরেশনের রাজস্ব আদায়ের নামে রাসমণী ঘাট এলাকায় চাঁদাবাজি করছে। ঘাটে প্রতি টুকরা বরফে ৫ টাকা, প্রতি কেজি মাছে ৫ টাকা ও প্রতি গ্যাস সিলিন্ডারের জন্য ১০০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের ভূসম্পত্তি শাখা থেকে এক অফিস আদেশে পতেঙ্গা আউটার রিং রোডের পশ্চিম পাশে অবস্থিত রাসমণী ঘাটে খাস আদায়ের জন্য দুই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাবেক যুবদল নেতা মো. দিদারুল ফেরদৌস রয়েছেন। অপরজন হলেন নগর শাখা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন।

মো. দিদারুল ফেরদৌসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

মো. আনোয়ার হোসেন চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, মাছ বা বরফের ওপর চাঁদা নেওয়ার অভিযোগ সত্য নয়। তারা কেবল বৈধ রাজস্ব আদায় করছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুল আজিজকে ফোন করা হলে তিনি কোনো সাড়া দেননি।

/এসআর/