শিরোনাম

আগামী ১৩ তারিখ হবে নতুন বাংলাদেশের জন্ম: জামায়াত আমির

বরিশাল সংবাদদাতা
আগামী ১৩ তারিখ হবে নতুন বাংলাদেশের জন্ম: জামায়াত আমির
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১৩ তারিখ হবে নতুন বাংলাদেশের জন্ম। বাংলাদেশি থাকবে কিন্তু তার চরিত্র পাল্টে যাবে। হবে গণকল্যাণমূলক বাংলাদেশ। যদি বিবেক দিয়ে চিন্তা করা হয় তাহলে এ দেশের বুকে সব থেকে বড় মজলুম দল জামায়াত। ‎৫৪ বছরে যাদের উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে সেখান থেকেই কাজ শুরু করতে চায় জামায়াতে ইসলামী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশালে মেহেন্দীগঞ্জের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতের ১১ জন নেতাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। বিচারবর্হিভূতভাবে হত্যা করা হয়েছে। আমাদের অফিসগুলো একটানা সাড়ে ১৩ বছর বন্ধ করে রাখা হয়েছিলো। আমাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। এতো কষ্টেও জাাময়াত জনগণের কষ্টে কখনো চুপ থাকেনি, ঘুমিয়ে পড়েনি।’

‎জামায়াত আমির বলেন, ‘দেশের দায়িত্ব দিলে ১৮ কোটি মানুষদের চৌকিদার ও পাহারাদার হতে চায় জামায়াতে ইসলামী। সবার আস্থার প্রতিদান দেওয়া হবে।’

তিনি বলেন, ‘জামায়াতের কেউ চাঁদাবাজি করবে না, কাউকে চাঁদাবাজিও করতেও দেবে না। আমরা হারামের ওপর হাত রাখবো না। আমরা কোনো স্ট্যান্ড দখল করবো না। সবার জন্য সমান বিচার নিশ্চিত করবে জামায়াতে ইসলামী। অপরাধ করলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কাউকেই ছাড় দেওয়া হবে না।’

জামায়াত আমির বলেন, ‘নিরীহ মানুষ হয়তো কোনো দল সমর্থন করেছে, এতোটুকু কারণে তার নাম দিয়ে খাজনাপাতি আদায় করা হয়। মনে রাখবেন, দিন শেষে আপনাকে আমাকে ওই মানুষগুলোর কাছে যেতে হবে।

গণভোটের প্রসঙ্গে তিনি বলেন, ‘‎নতুন বাংলাদেশের প্রত্যাশায় বাংলাদেশের প্রথম ভোট হবে গণভোট। এসময় হ্যাঁ ভোট দেয়ার আহবান জানান তিনি।’

/এসআর/