মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৮
ছবি: সিসিটিভি ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এক বার্তায় এ তথ্য জানান।

এতে বলা হয়, চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার ঘটনায় অভিযান চালিয়ে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর সকালে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানের ‘রোজ ভিলা’ লাগোয়া জমিতে থাকা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় আহত হন জমির ভেতরের কার্যালয়ে থাকা কর্মী আনোয়ার হোসেন রিপন। ওই ঘটনার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, একদল লোক ওই কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন। পরে সেখানকার বিভিন্ন মালামাল সরিয়ে নিতেও দেখা যায়।

এসব ঘটনায় গতকাল রবিবার কার্যালয়ের কর্মী আনোয়ার হোসেন রিপন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। পরে মোহাম্মদপুরের ২৯ নম্বর বাসা থেকে লিমন (২৩) এবং বাঁশবাড়ি এলাকা থেকে মনোয়ার হোসেন সাদ্দাম (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা চুক্তিতে ছিনতাই এবং জমি দখলের কাজে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। লিমন ও সাদ্দামের বিরুদ্ধে এর আগেও ছিনতাই ও মারামারির মামলা রয়েছে।

পুলিশ সূত্র জানায়, জমিটি স্থানীয় আলমের দখলে ছিল। শনিবার সকালে জনি ও রেজাউলের নেতৃত্বে ১৫০ থেকে ২০০ জন সেখানে গিয়ে টিনের বেড়া ভেঙে দেন। পরে তারা জমিতে থাকা একটি কার্যালয়ে ঢুকে ভাঙচুর করেন এবং নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/এফআর/