২৫ বছরে ভাড়া বেড়েছে ৪০০ শতাংশ, দিশেহারা ভাড়াটিয়ারা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
২৫ বছরে ভাড়া বেড়েছে ৪০০ শতাংশ, দিশেহারা ভাড়াটিয়ারা
ঢাকা শহর

প্রতিবার নতুন বছর এলেই রাজধানীর ভাড়াটিয়াদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় বাসাভাড়া। বছর ঘুরতে না ঘুরতেই অনেক বাড়িওয়ালা ভাড়া বাড়ানোর নোটিশ দেন। কারও মাসিক ভাড়া একবারে তিন হাজার টাকা বাড়ছে, আবার কারও ক্ষেত্রে বাড়ছে আরও বেশি। অথচ সেই অনুপাতে বাড়ছে না মানুষের আয়। ফলে বাড়তি ভাড়ার চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন রাজধানীর নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।

কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) তথ্য অনুযায়ী, গত ২৫ বছরে রাজধানী ঢাকায় বাড়িভাড়া বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। বর্তমানে রাজধানীর ৫৭ শতাংশ ভাড়াটিয়া তাদের আয়ের প্রায় অর্ধেক ব্যয় করেন বাড়িভাড়া পরিশোধে। এমনকি ১২ শতাংশ ভাড়াটিয়ার আয়ের প্রায় ৭৫ শতাংশই চলে যায় বাসাভাড়ায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িভাড়া বৃদ্ধির চাপে অনেকেই বাসা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। রাজধানীর ভাটারার ছোলমাইদ এলাকায় পাঁচ বছর ধরে বসবাস করতেন জিয়াউর রহমান রাসেল। গত আগস্টে বাড়িওয়ালা তাকে নভেম্বর থেকে মাসিক ভাড়া তিন হাজার টাকা বাড়ানোর নোটিশ দেন। এর আগে দুই দফায় ৫০০ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছিল।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা বেতনে চাকরি করা রাসেলের পক্ষে নতুন ভাড়া বহন করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাসা ছেড়ে অন্যত্র চলে যান তিনি।

মোহাম্মদপুরের বাসিন্দা রবিন আহমেদের অবস্থাও একই। একটি বেসরকারি ব্যাংকে পাঁচ বছর ধরে চাকরি করলেও গত দুই বছর ধরে তার বেতন ৪০ হাজার টাকায় অপরিবর্তিত রয়েছে। আগামী জানুয়ারি থেকে বাসাভাড়া তিন হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে চালের দাম কেজিতে ১৫ টাকা বেড়েছে এবং সন্তানের স্কুলের বেতন বেড়েছে দেড় হাজার টাকা। ফলে বাড়তি ব্যয়ের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশে গড়ে বাড়িভাড়া বেড়েছে ২৭ শতাংশ। ঢাকা বিভাগে বার্ষিক বাড়িভাড়া বৃদ্ধির হার ৫ দশমিক ৪৮ শতাংশ।

ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন গণমাধ্যমকে বলেন, ২০০০ সালে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হলেও এখন পর্যন্ত এর বিধিমালা তৈরি এবং আইন বাস্তবায়নের জন্য কার্যকর কর্তৃপক্ষ গঠন করা হয়নি। ফলে অনেক বাড়িওয়ালা নিজেদের ইচ্ছামতো ভাড়া বাড়াচ্ছেন। অন্যদিকে ভাড়াটিয়াদের প্রতিকার পাওয়ার সুযোগও সীমিত।

তিনি আরও বলেন, এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণে আদালতের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলসহ বিভিন্ন খাতেও ভাড়াটিয়াদের অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে।

অন্যদিকে বাড়িওয়ালাদের দাবি, ভবন রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে। তাদের ভাষ্য, আগে একটি ভবন রং করতে ১৫ হাজার টাকা খরচ হলেও বর্তমানে তা বেড়ে ২৮ হাজার টাকা হয়েছে। এ ছাড়া পানির পাম্প, লিফটের সার্ভিসিং এবং গ্যাস-বিদ্যুতের ব্যয়ও বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করা এবং ভাড়া নির্ধারণে স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। অন্যথায়, আয় না বাড়লেও ব্যয় বৃদ্ধির চাপে রাজধানীতে বসবাস করা নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য দিন দিন কঠিন হয়ে উঠবে।

/এফআর/