আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন: নাহিদ ইসলাম
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতারা। ছবি: পিএমও

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের বিষয়গুলো আগামীতে মোকাবিলার (ডিল) জন্য একটা দীর্ঘমেয়াদি রূপরেখা প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপ শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদলে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন। আলোচনা ও মধ্যাহ্নভোজের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের ৩৫ মিনিট আলোচনা হয়।

নাহিদ ইসলাম বলেন, সরকারপ্রধান ঐক্যের আহ্বান জানিয়েছেন। আমরা তাকে বলেছি– কী কী হলে এই ঐক্য আরও সুদৃঢ় হবে এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে থাকা সব শক্তিকে একটা জায়গায় এনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, তার একটা ভিত্তি ও রোডম্যাপ প্রস্তুত করা উচিত। এটা শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না। আওয়ামী লীগ ও ভারতের ইস্যুটা আমাদের আগামীতে ডিল করতে হবে। ফলে একটা দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন।

তিনি বলেন, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি, সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে। কিছুদিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। কীভাবে দেশের এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো সম্ভব, একটা রাজনৈতিক ঐক্য সম্ভব কি না, এ বিষয়ে আলোচনা হয়েছে।

এনসিপির আহ্বায়ক বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছি। বিচারের বিষয়ে আমরা বলেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়িয়ে জেলা পর্যায়সহ বিভিন্ন জায়গায় হওয়া মামলাগুলোর তদন্ত করে অভিযোগপত্র দেওয়া ইত্যাদি আইনি প্রক্রিয়া যেন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়, জুলাইয়ের ভুক্তভোগীরা যেন ন্যায়বিচার পান।

সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবির বিষয়ে এনসিপির আহ্বানের জবাবে প্রধানমন্ত্রী কী বলেছেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আমরা চেয়েছি, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তারা বলেছেন এগুলো বিবেচনা করবেন।

ভারতকে কঠোর বার্তা দেওয়ার আহ্বান

নতুন করে গঙ্গার পানিবণ্টন চুক্তি করার বিষয়ে ভারতকে খুবই কঠোরভাবে বার্তা দিতে সরকারপ্রধানকে আহ্বান জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের পানির ন্যায্য হিস্যা আদায়ে আলোচনায় সরকার যেন কোনো কম্প্রোমাইজ (আপস) না করে, সেটি আমরা বলেছি। শহীদ ওসমান হাদির খুনি ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার কথাও বলেছি। জুলাই যোদ্ধাদের যেন রাজনৈতিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়, এর জন্য প্রশাসনকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দিতে বলেছি। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণের পাশাপাশি রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে, সেই আহ্বান জানিয়েছি।

নাহিদ বলেন, এটা এখন খুবই সুস্পষ্ট যে বাংলাদেশে যা কিছু হচ্ছে, এর সঙ্গে ভারত সরাসরি সম্পৃক্ত। বৈশ্বিকভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটা মিসইনফরমেশন ক্যাম্পেইন চালানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবে ভারতই এখন সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশ। আমাদেরও বৈশ্বিকভাবে তুলে ধরতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি হিন্দুরা নির্যাতিত হয়েছেন, সবচেয়ে বেশি হিন্দুদের সম্পত্তি দখল হয়েছে। সরকার যেন দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, মাজার-দরগাহর সুফি, সংস্কৃতিকর্মী– সব সামাজিক শক্তির সঙ্গে বসে আলোচনা করে, তাদের ঐক্যবদ্ধ রাখে, এ কথাও সরকারপ্রধানকে বলেছে এনসিপি।

/এফসি/